শুরু হলো বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের নিবন্ধন

১১ জানুয়ারি, ২০২১ ১২:৩৬  
আইসিটি অস্কার খ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডের জাতীয় পর্যায়ের প্রতিযোগী বাছাইয়ে শুরু হয়েছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২০। ১০৫টি ক্যাটাগরিতে অনলাইন নিবন্ধনের মাধ্যমে শুরু হয়েছে এই প্রতিযোগিতার আয়োজন। নিবন্ধন করা যাবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতার বিচারকাজে ব্যবহৃত হবে ডিজিটাল টুলস। ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। এসময় অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় এবার গ্রামের প্রতিযোগীদের অংশগ্রহণ অনেকটাই সহজ হয়ে গেলো বলে মত প্রকাশ করেন তিনি। আশাবাদ ব্যক্ত করেছেন অনলাইন সুবিধা কাজে লাগিয়ে প্রতিযোগিতায় এবার অংশ নেবেন সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী। প্রতিযোগিতার সহ-আহ্বায়ক রাশেদ কামালের সঞ্চালনায় মিট দা প্রেসে আরো বক্তব্য রাখেন বেসিস সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রাহমান এবং আইপিডিসি সিইও মোমিনুল ইসলাম। বক্তব্যে তরুণ জনসম্পদকে দক্ষ করে বৈশ্বিক উদ্ভাবনী ধারণা সূচকে বাংলাদেশের পতাকাকে আরো উজ্জ্বল করতেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানান বেসিস সভাপতি। বলেছেন, নতুন প্রযুক্তি নিয়ে অংশ নিলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। অপরদিকে তথ্যপ্রযুক্তি শক্তি কাজে লাগানোর কারনে অতিমারি করোনাতেও আইপিডিসি’র মুনাফা ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে অনেকাংশে বেড়েছে বলে জানান আইপিডিসি সিইও মোমিনুল ইসলাম।